Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ৮ম শ্রেনীর এক ছাত্রের গলা কাটা লাশ উদ্বার করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় কালিগঞ্জের নিকট জোয়াল ভাঙ্গা হাওর থেকে লাশটি উদ্ধার করেন।

নিহত স্কুলছাত্রের নাম শাহনাজ মিয়া (১৫)। সে বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার পুত্র এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবি করছেন পরিবারের লোকজন। এ ঘটনায় বোয়ালজুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার 'ক্রাইমজোন' হিসাবে খ্যাত বোয়ালজুর গ্রামে দু‘পক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক খুন, রাহাজানি, একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি হত্যা মামলায় ৫ আসামির ফাঁসিসহ কয়েক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।

নিহত শাহনাজের মা ময়না বিবি জানান, রোববার রাত ১০টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোস্টার লাগানোর কথা বলে ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম আহমদ লিজুসহ সহপাঠিরা। এর পর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। সারারাত শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্নস্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সোমবার সকাল ৭টার দিকে তাঁরা খবর পান, স্থানীয় জোয়াল ভাঙ্গা হাওরে পড়ে আছে শাহনাজের মৃতদেহ।

পরে পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহনাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরী করে মর্গে প্রেরণ করেছি। উপজেলার বোয়ালজুর গ্রামে পূর্ব বিরোধের কারনে দু‘পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ১৮ থেকে ১৯ টি মামলা মোকদ্দমা চলে আসছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.