তাহিরপুর প্রতিনিধি | ০৫ ডিসেম্বর, ২০১৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তে বশির মিয়া (৩৭) নামের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের নাগরিকরা তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের তৈল গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়লা কুড়াতে কুড়াতে ভারতীয় সীমান্ত ঘেষা গ্রাম ঘোয়া ঘাটে ঢুকে পড়েন তিনি। তখন ঐ এলাকার বাসিন্দারা তাঁকে চোর মনে করে বেদম মারপিট করে। মারধরের এক পর্যায়ে ভারতেই তাঁর মৃত্যু হয়।
বশির মিয়ার মরদেহটি বর্তমানে ভারতের স্থানীয় একটি থানায় রয়েছে।
তাহিরপুরে টেকের ঘাট সীমান্ত বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।