Sylhet Today 24 PRINT

বাসিয়া নদী খনন ও তীর দখলমুক্ত করার দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া নদীর দুই তীর দখলমুক্ত করে দ্রুত খনন কাজ শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা তিন ঘটিকায় বিশ্বনাথ বাজারে বাসিয়া সেতুতে ‘বাঁচও বাসিয়া ঐক্য পরিষদ' এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে । মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের নাগরিকরা অংশগ্রহণ করে বাসিয়া নদীর দুই তীরের দখল উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গড়িমসিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা বাসিয়া নদীটি দখলদারদের অবৈধ দখলের কারণে সংকুচিত হয়ে গেছে । নদীর জায়গাতে একের পর এক নির্মাণ করা হয়েছে স্থাপনা। মাত্র কয়েক বছরে উপজেলা সদরের ভেতরে দুই তীর দখল হয়ে যাওয়ায় বাসিয়া এখন মরা খালে পরিণত হয়েছে। বিশ্বনাথ বাজারে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিনের নাগরিক বর্জ্যে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। আবর্জনার প্রভাবে নদীর পানি দূষিত হয়। এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে ।

এ অবস্থায় বাসিয়া নদীর দুই তীরের প্রায় সাত কিলোমিটার এলাকা খনন ও দখলদারদের উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরের জলবায়ু ট্রাস্টফান্ড থেকে পানি উন্নয়ন বোর্ডকে দুই কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। সেই বরাদ্দের অনুকূলে টেন্ডার আহবান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নদীর সীমানা চিহ্নিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। যা নদী খননের শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থায় বাসিয়া নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত নদীর সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন করা ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা জরুরী ।

বক্তারা বাসিয়া নদীকে বিশ্বনাথের প্রাণ ভ্রমরা উল্লেখ করে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে বাসিয়া নদীকে তীর ফিরিয়ে দিতে কার্যকর খনন কাজ শুরু করার আহবান জানান।

বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক নাট্যকার ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক কবি এস পি সেবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক ও বাপা সিলেটের সংগঠক আজাদ হোসেন, সুরমা রিভার ওয়াটারকিপারের বদরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আলা উদ্দিন, সামাজিক সংগঠক সোহেল খান, গীতিকার হুশিয়ার ভাণ্ডারী, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের সদস্য বকুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.