Sylhet Today 24 PRINT

বড়লেখা মুক্ত দিবস ৬ ডিসেম্বর

বড়লেখা প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৬

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা মুক্ত দিবস।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমে বড়লেখাবাসী জেগে উঠেছিল রণহুঙ্কারে। প্রায় ৩২৫টি গ্রাম যেনো প্রতিরোধের এক একটি দুর্গে পরিণত হয়।

জানা গেছে, বড়লেখা থানাটি ৪ নম্বর সেক্টরের অধীনে ছিল। মেজর সি আর দত্ত সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন। এ সেক্টরের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ভারতের করিমগঞ্জে প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে। বড়লেখা থানার পার্শ্ববর্তী বারপুঞ্জি ও কুকিরতলে সাব-সেক্টর স্থাপন করা হয়। হানাদারদের বিরুদ্ধে অসংখ্য ছোট বড় আক্রমণ চালিয়েছে এ সাব-সেক্টরের মুক্তি সেনারা। যুদ্ধের সূচনাতেই বড়লেখার বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে বড়লেখাবাসী।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল হানাদাররা বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ৬ ডিসেম্বর ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। পরে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়।

বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধে যেসব রাজাকার, আলবদর ঘরবাড়ি জ্বালিয়েছে, মা-বোনের সম্ভ্রমহানি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে-তাদের বিচার বাংলার মাটিতে হচ্ছে। সকল যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করে জাতিকে অবশ্যই অভিশাপমুক্ত করতে হবে।’

এদিকে ৬ ডিসেম্বর বড়লেখা মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.