নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০১৫
শিক্ষামন্ত্রীকে স্বপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে বিয়ানীবাজারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
বিয়ানীবাজার সরকারি (অনার্স) কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী নাহিদকে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসীরা শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করতে চায়।
বক্তারা অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী নাহিদকে স্বপরিবারে হত্যার হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন, শিক্ষাবিদ আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি ইসরাঈল আলী, সাধারণ সম্পাদক শমসের আলী ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়নের শিক্ষকরা।