Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযানে আম্বরখানায় প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের পাশাপাশি অনুমোদনবিহীন বৃহদাকার বিলবোর্ড অপসারণ কাজ চলছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে অনুমোদনবিহীন অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহানগরীর আম্বরখানা পয়েন্টের বরকতিয়া মার্কেটের উপর স্থাপনকৃত ১ হাজার স্কয়ার ফুটের বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। অনুমোদনবিহীন এই বিলবোর্ডটি স্থাপন করেছিল স্বপন এড নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান জানান, যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী ধাপে এসব বিলবোর্ডের অবকাঠামো অপসারণ করা হবে।

এদিকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের রাজস্ব শাখা। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ, লাইসেন্স অফিসার হেলাল উদ্দিন, এ্যাসেসর চন্দন দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.