বড়লেখা প্রতিনিধি | ০৭ ডিসেম্বর, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় সূচনা প্রকল্পের আয়-বর্ধনমূলক কর্মসূচির আওতায় অতি-দরিদ্র উপকারভোগীদের মধ্যে ছাগল-ভেড়া, হাঁস-মুরগী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ৩ জন অতি-দরিদ্র নারী ছালেকা বেগম, রোশনা বেগম ও রাজিয়া বেগমের হাতে ছাগল তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য তাজুল ইসলাম আইজুল, সুচনা প্রকল্পের মো. মাসুদ রানা, মো. আবু হান্নান, মো, হেলাল উদ্দিন ভূইয়া, অভিজিৎ পাল, মো. আনিসুর রহমান, মো. আবু আসলাম ও মো. আবু বকর প্রমুখ। বিতরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সন্ধ্যায় সুচনা প্রকল্পের বড়লেখা অফিস পরিদর্শন করেন।
উল্লেখ্য, সুচনা প্রকল্পের আয়-বর্ধনমূলক কর্মসূচির আওতায় উপজেলার তালিমপুর ও দাসেরবাজার ইউনিয়নের অতিদরিদ্র ৭৮১ জন উপকারভোগীর মাঝে ছাগল-ভেড়া, হাঁস- মুরগী বিতরণ, বাঁশ-বেত-পাটি তৈরির কাজেও সহযোগিতা প্রদান করা হবে।
এছাড়া পৃথক অনুষ্ঠানে সুচনার পুষ্টি কার্যক্রমের আওতায় ১৯৫৩ জন উপকারভোগীর মাঝে মাছের পোনা, সবজি বীজ ও চারা এবং মুরগির ঘর নির্মাণের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে।