নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৬
সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার (১২ ডিসেম্বর) আরিফুল হক চৌধুরীর জামিন হয়েছে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফী। গতকালও এই ঘটনায় দায়ের হওয়া অপর আরেকটি মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।
ব্যারিস্টার আব্দুল হালিম কাফী জানান, বিস্ফোরক দ্রব্যাদি ও দণ্ডবিধি আইনের অধীনে দিরাইয়ে জনসভায় বোমা হামলার ঘটনায় দুটি পৃথক মামলায় আরিফুল হক চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।