Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পর্যটক ও জুয়াড়ির সংঘর্ষ, ৪ জনের কারাদন্ড

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৬

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পর্যটকদের সাথে জুয়ারিদের সংঘর্ষের ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে পর্যটন কেন্দ্র বল্লাঘাটের ব্যবসায়ীরা ২ ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান।

সোমবার সকালে কিশোরগঞ্জ থেকে ১১টি বাসে করে ৪০০ জন পর্যটক জাফলংয়ে বেড়াতে আসেন। কিশোরগঞ্জের সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খাঁনের নেতৃত্বে আসা এসব পর্যটকরা বেড়ানোর উদ্দেশ্যে জেলা পরিষদের পিকনিক সেন্টারের নিচ দিয়ে জিরো পয়েন্ট যাচ্ছিলেন। এ সময় তিন তাস চক্রের সদস্য জুয়াড়িরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পর্যটকদের মধ্যে কয়েকজনের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

এ সময় পর্যটকদের কয়েকজন এসব টাকা ও মোবাইল ফোন ফিরিয়ে দিতে অনুরোধ করলে জুয়াড়ি চক্র টাকা ও মোরাইল ফোন দিতে অস্বীকার জানায়। এ নিয়ে শুরু হয় উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ৩টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় জুয়াড়িরা। ঘটনার প্রতিবাদে জাফলংয়ের বল্লাঘাট পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা দোকানপাট রেস্তোরা বন্ধ করে দেন। ফলে ভোগান্তিতে পড়েন জাফলং ঘুরতে আসা শত শত পর্যটক।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন বাবুল, আমির, সোহেল রানা, আব্দুর রব ও হাসমত আলী।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে তিন তাস নামের জুয়ার আসর বসিয়ে স্থানীয় জুয়াড়ি চক্রের সদস্যরা পর্যটকদের সাথে প্রতারণা করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে মারপিট ও মামলা হামলার ভয় দেখানো হয়।

জাফলং বল্লাঘাট পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহরম আলী জানান, পর্যটকদের সাথে হামলার ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমাদের ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ২ জনকে আহত ও ৩টি দোকানে ভাংচুর ও লুটপাট করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.