Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি ছাপাখানা ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০১৬

নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ছাপাখানা ভস্মীভূত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অপটিকস, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং এন্ড বুক বাইন্ডিং, আলম আর্ট এন্ড রাবার স্ট্যাম্প, ডিজাইন মেলা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সকাল ছয়টার দিকে প্রেসের কাজ করে বন্ধ করে বাসায় যান। আটটার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান। 

এ ঘটনায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে কাগজসহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে। শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.