Sylhet Today 24 PRINT

ছাতকে দেবরের হাতে ভাবী খুন

ছাতক প্রতিনিধি  |  ১৪ ডিসেম্বর, ২০১৬

ছাতকে কাটা খড়ের মালিকানা নিয়ে দেবরের লাঠির আঘাতে নিহত হয়েছেন ভাবী শাহানারা বেগম (৪০)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি-গোড়াদেও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহানারা বেগম মনিরজ্ঞাতি-গোড়াদেও গ্রামের আব্দুল বাহারের স্ত্রী।

এসময় মাকে বাঁচাতে এসে প্রতিপক্ষের হামলায় শাহানারা বেগমের পুত্র মুহিবুর রহমানও আহত হন। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ধান কেটে নেয়ার পর জমিতে পড়ে থাকা খড় কাটছিলেন শাহানারা বেগম ও পাশের বাড়ির বাসিন্দা আব্দুল বাহারের চাচাতো ভাই ও মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জাহেদ আলী। বিকেলে কাটা খড়ের মালিকানা নিয়ে শাহানারা বেগম ও তার দেবর জাহেদ আলীর মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে জাহেদ আলী ও তার স্বজনরা লাঠি-সোটা নিয়ে শাহানারা বেগমের ওপর অতর্কিত হামলা চালান এবং তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় মাকে রক্ষা করতে এসে শাহানারা বেগমের পুত্র মুহিবুর রহমানও (২৩) আহত হন।

গুরুতর আহত শাহানারা বেগমকে আশংকাজনক অবস্থায় প্রথমে কৈতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

হামলাকারী জাহেদ আলী সপরিবারে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পুত্র মুহিবুর রহমান বাদী হয়ে ৭ জনকে আসামি করে মঙ্গলবার রাতে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-২০) দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.