Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে তোলপাড়: প্রধানমন্ত্রীর কাছে এমপি রতনের বিরুদ্ধে নালিশ

সুনামগঞ্জ সংবাদদাতা |  ২০ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ লীগের সাধারণ সম্পাদকসহ দলের একাংশের নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে স্থানীয় সাংসদ ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে নালিশ করেছেন। এ নিয়ে সুনামগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

শনিবার রাত ৮টায় গণভবনে দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করে তারা নানা অভিযোগ জানান। এমপি মোয়াজ্জেম হোসেন রতন অবশ্য এসব অভিযোগ সাজানো বলে মন্তব্য করেছেন।

ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস বলেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি এমপি রতন আওয়ামিলীগ লীগ দেখতে পারেন না, আমরা তার অত্যাচার থেকে বাঁচতে চাই'।

বিলকিস বলেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি বিএনপি-জামায়াতের লোক নিয়ে এমপি রতন আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছেন, মামলা-ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ নানাভাবে অত্যাচার করছেন। তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের আত্মীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবহার করে উৎকোচ নিয়ে উপজেলার চাঁনপুরের দাইড়, বরইয়া নদী ও আইলার হাওর বিএনপির লোকদের ইজারা দিয়েছেন। তার পিএস গিয়ে চাঁদা তোলার কথাও বলেছি।'

বিলকিস জানান, এসময় জেলা আওয়ামিলীগ লীগের সভাপতি মতিউর রহমান উপজেলা আওয়ামিলীগ লীগের সভাপতি আলমগীর কবীর, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, ইউপি চেয়ারম্যান মহসিন আহমদ, ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা প্রভাকর তালুকদার পান্না উপস্থিত ছিলেন। 

শামীম আহমদ বিলকিস দাবি করেন, তাদের অভিযোগের ভিত্তিতে ধর্মপাশার ইউএনও সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।

এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন,'জেলা কমিটির নেতারা তাদের পদপদবি ধরে রাখার জন্য এসব অভিযোগ সাজিয়েছে এবং বিলকিসদের ঢাল হিসাবে ব্যবহার করছে। ৩ জলমহাল সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, তা মিথ্যা ও বানোয়াট। মানুষকে বাঁচানোর জন্য এবার জলমহাল পাড়ের মৎস্যজীবী ও মুক্তিযোদ্ধাদের জলমহাল দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতেই গাত্র দাহ হয়েছে এবং নানা মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে।'

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.