Sylhet Today 24 PRINT

বড়লেখায় জমি নিয়ে বিরোধে নির্মমতার শিকার ৭ বছরের শিশু

বড়লেখা প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় জমি বিরোধের জের ধরে আপন চাচাতে ভাইয়ের হাতে নির্মমতার শিকার হয়েছে ৭ বছরের শিশু নাফিয়ান আহমদ। তাকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে তারই নিজের চাচাতো ভাই কাওছার আহমদ (২২)।

নাফিয়ান বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের ছেলে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বড়লেখা সদর ইউপির ডিমাই (৫নং পুঞ্জি) এলাকায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটি সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও হামলার শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে আপন বড় ভাই আব্দুল খালিকের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার আব্দুল খালিকের ছেলে কাওছার আহমদ তার (শুক্কুরের) জমির ধান কাটতে গেলে পরিবারের সদস্যরা কাওছারকে বাধা দেন।

এরই জেরে শনিবার সকালে ডিমাই (৫নং পুঞ্জি) এলাকায় শুক্কুরের শিশুপুত্র নাফিয়ানকে একা পেয়ে চাচাতো ভাই কাওছার দা দিয়ে মাথায় উপুর্যপুরি কোপাতে থাকে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নির্মমতার শিকার শিশুর মা সিলেটটুডের প্রতিনিধিকে বলেন, ‘কাওছার তার নিষ্পাপ শিশু পুত্রকে অমানবিকভাবে দা দিয়ে কুপিয়েছে। তার মাথায় ৬টি স্থানে কোপের চিহ্ন রয়েছে। তিনি হামলাকারী কাওছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।’

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে, ‘ঘটনাটি আমি শুনেছি এবং আমরা তার উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সিলেট মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি।’

মামলার ব্যাপারে তিনি বলেন, ‘এখনো কেউ আমদের কাছে অভিযোগ করেন নাই। তবে মামলা হওয়ার সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.