Sylhet Today 24 PRINT

ইউনাইটেড এয়ারওয়েজের সম্পত্তি নিলামে বিজ্ঞপ্তি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

ইউনাইটেড এয়ারওয়েজের সম্পত্তি নিলামে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের নামে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় এ সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহম্মেদ চৌধুরী, পরিচালক শাহিনুর আলম ও মাহতাবুর রহমান জামিনদার হয়ে ব্যাংক থেকে ঋণ নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বন্ধকিকৃত সম্পত্তির তালিকা দিয়ে তা নিলামের কথা উল্লেখ রয়েছে।

পত্রিকায় প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটা পর্যন্ত ব্যাংকটির রাজধানীর গুলশান শাখায় রাখা টেন্ডার বাক্সে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে গত ২৭ নভেম্বর পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের কাছে ব্যাংকটির মোট পাওনা ৩৩ কোটি ৬৪ লাখ ৬২ হাজার দুইশ’ ১৩ টাকা।

স্টেট ব্যাংক কর্তৃপক্ষ জান‍ায়, নিলাম ডাকার আগে পাওনা আদায়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত তাগাদা ও উকিল নোটিশসহ যা যা করার সবই করা হয়েছে। কিন্তু তারা টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত বন্ধকি সম্পত্তি নিলাম করে টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

৩৭ আসনের একটি উড়োজাহাজসহ (যার নিবন্ধন নম্বর মার্ক এস২-এইএস, বিমান চলাচল কর্তৃপক্ষের সিরিয়াল নম্বর ৩৬৩) ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের নামে থাকা সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তিও নিলাম করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ছাড়াও ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৩২ কোটি টাকা ও সিভিল অ্যাভিয়েশনের একশ’ কোটি টাকা পাওনা রয়েছে।

দেশি-বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে ২০০৫ সালের ২৮ জুন যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। সর্বশেষ গত ০৫ মার্চ থেকে প্রতিষ্ঠানটির ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে।  

উল্লেখ্য, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উত্তরা শাখা থেকে ঋণ নিয়েছিল ইউনাইটেড এয়ার। ঋণ গ্রহণের সময় ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী, পরিচালক মাহতাবুর রহমান ও শাহিনুর আলম ব্যাক্তিগত জামিনদার ছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও এখনো পাওনা পরিশোধ করেনি কোম্পানিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.