Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২০ এপ্রিল, ২০১৫

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নে হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। জেলায় অনাবাদি জমি না রেখে কৃষির আওতায় এনে কৃষি ও মৎস্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়ে, শিক্ষার উন্নয়নে প্রবাসীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। হাওর এলাকায় সাবমারজেবল (ডুবন্ত) সড়ক নিমার্ণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জেলায় চলমান উন্নয়ন প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। দুর্গম হাওর এলাকায় বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর বিদ্যুতের ব্যবহারেরও পরামর্শ দেন। দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যাহত করতে চায় তাদেরকে কঠোর হস্তে দমনেরও নির্দেশ দেন। সুনামগঞ্জে মৎস্য ও শাক-সবজির উৎপাদন বৃদ্ধি করে দেশের চাহিদা মিটিয়ে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানী করার পরামর্শ দেন।

সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড, আইন শৃঙ্খলা ও সামগ্রীক বিষয়ে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিওকনফারেন্সে এসব কথা বলেন।

সভায় জেলার সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার হারুণ অর রশীদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল প্রমুখ।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.