Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ, তবু শঙ্কা পরিচালকের

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

এবার অতিরিক্ত পুলিশ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবৈধভাবে গড়ে উঠা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছেন হাসপতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস ছবুর মিঞা।

সোমবার সকালে হাসপতালটির পরিচালকের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশ হাসপাতাল চত্বরে পার্কিং করা এ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেয়।

তবে হাসপাতালে সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন না থাকলে এ্যাম্বুলেন্স চালকরা ফের অবৈধ স্ট্যান্ড গড়ে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক।

এরআগে গত ১৪ ডিসেম্বর হাসপাতালের সংরক্ষিত এলাকার বেষ্টনী ভেঙ্গে দখল করে স্ট্যান্ড গড়ে তোলে এ্যাম্বুলেন্স চালকরা। ওই রাতে ওসমানী হাসপাতাল চত্বর থেকে এ্যাম্বুলেন্সের অবৈধ পার্কিং সরাতে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে নির্দেশ দেন পরিচালক। তবে হাসপাতালের দায়িত্বরত পুলিশ অবৈধ পার্কিং সরাতে অসহযোগীতা করে বলে অভিযোগ করেন তিনি। তবে পুলিশের অভিযোগ, হাসপাতালের পরিচালক তাদের সাথে দুর্ব্যবহার করেন। এই অভিযোগে পরিচালক আব্দুস ছবুর মিঞার বিরুদ্ধে থানায় জিডিও করেন ওসমানী হাসপাতালের দায়িত্বরত এসআই পলাশ।

এ ঘটনার পর সোমবার সকালে অতিরিক্ত পুলিশ নিয়ে হাসপাতাল এলাকায় অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান চালানো হয়।

তবে স্ট্যান্ড উচ্ছেদ করা হলেও এ্যাম্বুলেন্স চালকরা আবার স্ট্যান্ড গড়ে তোলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিগেডিয়ার আব্দুস ছবুর মিঞা।

ওসমানী হাসপাতালের এই পরিচালক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ মহানগর পুলিশের একটি দল গিয়ে হাসপাতাল এলাকা থেকে এ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়েছে। তবে আমি চেয়েছিলাম পুলিশের একটি টিম যাতে সার্বক্ষণিক হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করে। তাতে এ্যাম্বুলেন্স চালকরা ফের স্ট্যান্ড গড়ে তুলতে পারবে না।

সন্ধ্যার পর অতিরিক্ত পুলিশ হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি এ ব্যাপারে মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। তারা সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

ওসমানী হাসপাতালে পুলিশের একটি টিম নিয়োজিত থাকার পরও অতিরিক্ত পুলিশ চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানকার পুলিশ সদস্যদের কাছ থেকে সহযোগীতা পাওয়া যাচ্ছে না বলেই বাইরের সহযোগীতা চাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.