বানিয়াচং প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৬
হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, সমাজে মাদকাসক্তদের কোন জায়গা নেই। সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে কাজ করলে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে এলে কোন কিছু অসম্ভব না।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় সময় ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসে বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিদমন, মাদকদ্রব্যের অপব্যবহার, নারী-শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
জেলা প্রশাসক সাবিনা আলম আরও বলেন, মাদক একটি পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবারের সদস্যদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আতাউর রহমান,কাজী আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, মুক্তিযোদ্ধা মিলন দেব, যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, আব্দাল মিয়া, ইউপি সদস্য সরাজ মিয়া, হেনা আক্তার দিনা প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ এলাকার শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক সাবিনা আলম বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবিনা আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।