সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৬
বিজিবি দিবস উপলক্ষে সিলেটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিলেটের আখালিয়া বিজিবির সেক্টর সদর দফতরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিজিবি সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়।
বিজিবির পক্ষ থেকে তাদেরকে সংবধর্না দেওয়ায় তারা নিজেদের গর্বিত মনে করেন। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা নায়েক সিগন্যাল আব্দুল মালেক বীর প্রতীক যুদ্ধকালীন সময়ে নানা কণ্ঠ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অলোচনায় মুক্তিযোদ্ধা নায়েক সিগন্যাল আব্দুল মালেক বীর প্রতীক মুক্তিযুদ্ধে কিভাবে অংশ নেন সেটি তুলে ধরেন। তার জীবনী শুনে অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি।
এরপর একে একে বক্তব্য দেন সুবেদার গোলাম মোস্তফার ছেলে সাকিব মোস্তফা, নায়েক রশীদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা, নায়েক সুবেদার ফজলুল হকের স্ত্রী মোছাম্মত বেলা খাতুন, হাবিলদার আব্দুল ওয়াহিদের স্ত্রী রেজিয়া বেগম ও সিপাহী নান্নু মিয়ার স্ত্রী রিনা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল্লাহ আল মামুন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন, ৪১ বর্ডার গার্ডের অধিনায়ক মো. শাহ আলম প্রমুখ।