Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের দেয়ালে পোস্টারিং

জেলা পরিষদ নির্বাচন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৬

আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাঁদের প্রচারণার জন্য আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগিয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটের পাশাপাশি সদস্য প্রার্থীরাও নিজেদের পোস্টার লাগিয়ে যাচ্ছেন প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সরেজমিনে জগন্নাথপুর পৌরসভার কার্যালয়ে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটসহ অনেক সদস্য প্রার্থীদের নির্বাচনী পোস্টার। সদস্য প্রার্থীদের মধ্যে পৌর কার্যালয়ের সামনের দেয়ালে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোছা. রওশন আরা বেগম (ফুটবল প্রতীক), ১০ নং ওয়ার্ড থেকে সদস্য প্রার্থীরাও দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এরা হলেন, ছালেক উদ্দিন (বক প্রতীক), নুরুল আমিন চৌধুরী (বৈদ্যুতিক পাখা), মো.আব্দুল মতলিব চৌধুরী (ঢোল প্রতীক) ও মাতাব উল হাসান উরফে সমুজ (বেহাল প্রতীক)।

নির্বাচন রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (২১ ডিসেম্বর) আমাদের টিম গিয়ে এসব বিষয়ে পদক্ষেপ নিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.