Sylhet Today 24 PRINT

ক্লাস-পরীক্ষা স্থগিতের প্রতিবাদে উত্তাল শাবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৬

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে শাবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়ার পরপরই ক্যাম্পাস ছেড়ে মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। তারা শাবির মূল প্রবেশপথ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকেন।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ প্রত্যাহার এবং সকল ক্লাস-পরীক্ষা যথাসময়ে নেয়ার দাবিতে তারা রাজপথে নেমেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে সড়ক অবরোধের ফলে সিলেট-সুনামগঞ্জ মহসসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আটকা পড়েছে বহু যাত্রী ও পণ্যবাহী গাড়ি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ। এ সময় সাধারণ সম্পাদক ইমরান খানকেও হল ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে গুলি ছোড়া হয় ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর রাতভর উত্তেজনা বিরাজ করলে ভোর ৫টার দিকে ছাত্রদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধের নির্দেশ প্রত্যাহার করে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শাবি প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.