বানিয়াচং প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৬
বানিয়াচং ড. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৪ দিন ব্যাপী ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে স্কাউট লিডার মতিউর রহমান মতির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আবুজাফর, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
৪ দিনব্যাপী প্রশিক্ষণে বানিয়াচংয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্লস গাইডরা প্রশিক্ষণ নেবেন। ক্যাম্পে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সচেতনতা, বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা, বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ, বিদ্যুৎ সম্পর্কে প্রাথমিক ধারণা ও খুঁটিনাটি মেরামত সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনের সময় উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।