সনেট দেব চৌধুরী ,শ্রীমঙ্গল | ২১ এপ্রিল, ২০১৫
বাংলাদেশের ১৫৮টি চা বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় ৯১টি চা বাগান রয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ১৯টি চা বাগানে ১৪১৯ বাংলা, ১৪২০ বাংলা এবং ১৪২১ বাংলা সনের চা বাগানের জমির ইজারা মূল্য (লিজ মানি) বকেয়া আছে ৭,৯৭,৭৪,২৭৯.৯২ টাকা। (৭ কোটি ৯৭ লক্ষ ৭৪ হাজার ২৭৯ টাকা ৯২ পয়সা) ।
শ্রীমঙ্গল উপজেলার ১৯টি চা বাগানের মধ্যে ৯টি চা বাগান তাদের লিজ মানি যথা সময়ে পরিশোধ করলেও বাকি ১০টি চা বাগান তাদের ১৪১৯ বাংলার ইজারা মূল্য, ৫% আয়কর, ৩২% সুদ বাবত মোট ২,৮৪,৮৭,৪৭৯.৭০ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে ইজারা মূল্য ১,৭৯,৮৪,৫২০ টাকা। ৫% আয়কর ৮,৯৯,২২৬ টাকা। ১৫% ভ্যাট ২৬,৯৭,৬৭৮ টাকা। ৩২% সুদ ৬৯,০৬,০৫৬ টাকা।
একই ভাবে ১৯টি চা বাগানের মধ্যে ১০টি চা বাগানের ১৪২০ বাংলার বকেয়া লিজ মানি তথা ইজারা মূল্য ১,৭৯,৮৪,৫২০ টাকা। ৫% আয়কর ৮,৯৯,২২৬ টাকা। ১৫% ভ্যাট ২৬,৯৭,৬৭৮ টাকা। ১৬% সুদ ৩৪,৫৩,০২৭.৮৪ টাকা। মোট বকেয়া ২,৫০,৩৪,৪৫১.৮৪ টাকা।
১৪২১ বাংলার শ্রীমঙ্গল উপজেলার ১০টি চা বাগানে বকেয়া ইজারা মূল্য ২,৬২,৫২,৩৪৮.৪০ টাকা। এর মধ্যে ইজারা মূল্য ২,১৮,৭৬,৯৫৭ টাকা। ৫% আয়কর ১০,৯৩,৮৪৭.৯ টাকা। ১৫% ভ্যাট ৩২,৮১,৫৪৩.৫৫ টাকা। ১৪১৯ বাংলা, ১৪২০ বাংলা এবং ১৪২১ বাংলায় শ্রীমঙ্গল উপজেলাধীন ১৯টি চা বাগানের ইজারা মূল্য “লিজমানি” বকেয়া ৭,৯৭,৭৪,২৭৯.৯২ টাকা।
শ্রীমঙ্গল উপজেলার যে সমস্ত চা বাগানগুলোতে ইজারামূল্য বকেয়া রয়েছে সেগুলো হলো ১। দিনারপুর কেদারপুর চা বাগান ২। সাতগাঁও চা বাগান ৩। ক্লোনাল চা বাগান ৪। জুলেখানগর চা বাগান ৫। জেরিন চা বাগান ৬। এম আর খান চা বাগান ৭। হোসনাবাদ চা বাগান ৮। তাহেরা (জঙ্গলবাড়ি) চা বাগান ৯।
বিটিআরআই চা বাগান ১০। নাহার চা বাগান ১১। আমরাইলছড়া চা বাগান ১২। ভাড়াউড়া চা বাগান ১৩। বালিশিরা চা বাগান ১৪। ডেনষ্টন চা বাগান ১৫। মাইজডিহি চা বাগান ১৬। মির্জাপুর চা বাগান ১৭। রাজঘাট চা বাগান ১৮। সাইফ চা বাগান ১৯। নুরজাহান চা বাগান।
দিনারপুর, সাতগাঁও, ক্লোনেল, জুলেখানগর, হোসনাবাদ, তাহেরা জঙ্গলবাড়ি, বিটিআরআই ও নাহার চা বাগান ১৪১৯ বাংলা হতে ১৪২০ বাংলা পর্যন্ত এবং এম আর খান চা বাগান ১৪১৯ সন হতে ১৪২১ বাংলা সন পর্যন্ত আয়কর, ভ্যাট ও সুদসহ লিজ মানি যথাসময়ে পরিশোধ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রানালয়, খাস ভূমি-১ এর ৫ মার্চ ২০১৫ তারিখের এক পত্রে জানানো হয়েছে যে চা বাগানের জমির “ইজারা মূল্যের” পরিবর্তে “ভূমি উন্নয়ন কর” পুন:প্রর্বতন এর বিষয়ে সরকারি সিদ্ধান্ত চুড়ান্ত না হওয়া পর্যন্ত ইজারা মূল্য আদায় স্থগিত থাকবে। এই আদেশ জারির প্রেক্ষিতে ১৪১৯ বাংলা হতে ইজারা মূল্য প্রদান না করা ১০টি চা বাগান যথা জেরিন চা বাগান, আমরাইলছড়া চা বাগান, ভাড়াউড়া চা বাগান, বালিশিরা চা বাগান, ডেনষ্টন চা বাগান, মাইজডিহি চা বাগান, মির্জাপুর চা বাগান, রাজঘাট চা বাগান, সাঈফ চা বাগান, নুরজাহান চা বাগান তাদের বকেয়া লিজ মানি প্রদান বন্ধ রেখেছেন।