Sylhet Today 24 PRINT

নগরীতে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখলের চেষ্টা, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৬

সিলেট নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জায়গা দখলের চেষ্টার ঘটনা ঘটে বলে জানান সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী।

তিনি অভিযোগ করে বলেন, "সকাল ৯টার দিকে আমি মুক্তিযোদ্ধা সংসদে আসি। এসময় সংসদের সামনে মুক্তিযোদ্ধা গলির ভেতর বেশ কয়েকজন যুবককে ঘর বানাতে দেখে আমি বাধা দেই। তারা নিজেদের যুবলীগ ও ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয় ও আমাকে লাঞ্ছিত করে।"

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে যুবকদের কাজ থামিয়ে দেয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে আসেন। এসময় ওই জায়গার মালিকানা দাবি করা ধোপাদিঘীরপাড় নিবাসী এমএম আবদুস সালামের ছেলে কাওসার আহমদ কোরেশী এবং লালাবাজার পুলেরপার নিবাসী হাজী হারিছ মিয়ার ছেলে মো. জাহেদ আহমদকে নিজ নিজ কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়ার নির্দেশ দেন তারা।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামাল জানান, "মুক্তিযোদ্ধা সংসদের দাবির প্রেক্ষিতে আমরা ওই যুবকদের ঘর বানাতে নিষেধ করি। পরে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে বলেছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.