Sylhet Today 24 PRINT

বিদ্যুতের পর তৈরি পোশাক খাতেও বিনিয়োগ করছে বারাকা পাওয়ার লিমিটেড

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

পাওয়ার প্লান্টে অভাবনীয় সাফল্যের পর এবার তৈরি পোশাক খাতে বিনিয়োগ করছে দেশের প্রথম বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

কোম্পানির সেক্রেটারি মনিরুল ইসলামের পরিচালনায় ও চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ও চট্টগ্রামের পতেঙ্গায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সিলেটের প্রবাসীদেরও নিয়ে গঠিত এই কোম্পানি দেশের বিদ্যুৎ চাহিদায় অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে।
 
এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বারাকা গ্রুপ তৈরি পোশাক শিল্পখাতে বিনিয়োগ করতে চায়। এই ব্যবসায় ইতিমধ্যে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বারাকা এপারেল লিমিটেডের প্রকল্পের জন্য ২০ একর জমি কেনা হয়েছে। নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বছরের শেষ দিকে এটি উৎপাদনে যাবে এবং এতে ৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।

এছাড়া নতুন দুটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষে সোলার পাওয়ার প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.