Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া নামক স্থানে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস চালকসহ ২৫ জন যাত্রী।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সাগর। তাঁর বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, রাতে সিলেটগামী একটি বাসের সাথে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার এস আই বিমল ভৌমিক জানান, ট্রাক চালকের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.