Sylhet Today 24 PRINT

কিমের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৬

সাইবার ক্রাইমের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমকে নিষ্ক্রিয় ও প্রাণনাশের ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।

বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়ার রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, তেল-গ্যাস-খনিজ ও বন্দর রক্ষা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম, নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্য সচিব আহসানুল হক সুজন, জেলা উদীচীর সদস্য মো. মুজিবুর রহমান, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের প্রেসিডেন্ট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, খোয়াই থিয়েটারের কর্মী মো. মুক্তাদির হোসেন, নাট্য ভাস্কর পর্ষদের সাধারণ সম্পাদক শাকিলা ববি, নাট্যকর্মী শেখ ওসমান গনি রুমী, তারুণ্য সোসাইটির সেক্রেটারি আবিদুর রহমান রাকিব, ব্যঞ্জনবর্ণের সাধারণ সম্পাদক অংশু ভট্টাচার্য, যশেরআব্দা যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম জীবন, সংস্কৃতিকর্মী মাশুকুর রহমান, আমরা ক’জন এর শাহ্ আলম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর রাতে আব্দুল করিম কিমকে জিজ্ঞাসাবাদ করার নামে সিলেট কোতোয়ালী থানায় নেয়া হয় এবং ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে ধর্ম অবমাননাকর মন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করে। এ বিষয়ে কিমের কোন সংশ্লিষ্টতা না পেয়ে ১৪ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। আব্দুল করিম কিম সিলেটের পরিচিত একজন নাগরিক আন্দোলনের সংগঠক। সিলেটের পরিবেশ রক্ষার আন্দোলনে তার অনবদ্য ভূমিকা  রয়েছে। শুধু সিলেট নয়, হবিগঞ্জের পরিবেশ রক্ষার আন্দোলনেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি সিলেটের নদী, জলাশয়, পাহাড়, টিলা, বনভূমি ও জীববৈচিত্র ধ্বংসের প্রতিবাদে দীর্ঘদিন যাবত সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছেন। বক্তারা এই ঘটনার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, আব্দুল করিম কিম কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তার ছবি ও নাম ব্যবহার করে এ ধরণের উদ্দেশ্যমুলক প্রচারের উৎস উন্মোচিত না হওয়ায় সিলেট বিমানবন্দর থানায় আইসিটি এ্যাক্টের ৫৭(২) ধারায় মামলা দায়ের করেছেন। মানববন্ধন চলাকালীন সভা পরিচালনা করেন বাপা হবিগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.