সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৬
সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজ ও বহিরাগতদের অপতৎপরতার প্রতিবাদে নগরীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী সুরমা মার্কেটে সুরমা যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে সুরমা মার্কেট পয়েন্টে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সুরমা যুব ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সভাপতি আঙ্গুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেলের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি সৈকত দাশ গুপ্ত, রানু চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক এম. দেলোয়ার হোসেন আপন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ শেখ আলেক হোসেইন, আইন বিষয়ক সম্পাদক আদনান হোসেন শিমূল, প্রচার সম্পাদক বাপ্পী বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরমা মার্কেটের প্রবীণ ব্যবসায়ী সাব্বির আহমদ, কামরুজ্জামান কমরু, আনোয়ার পাশা, ডা. আব্দুল মতিন, আব্দুস সালাম, টিটু মিয়া, সিরাজ উদ্দিন সিরুলসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচী, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সুরমা মার্কেটের সকল ব্যবসায়ী মালিক ও কর্মচারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, হকার্স সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের ঐতিহ্যকে ধরে রাখতে যেকোন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজি ও সব ধরণের অপকর্ম প্রতিরোধ করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। সুরমা মার্কেট নগরীর প্রাচীন মার্কেট হিসেবে সকলের কাছে সুপরিচিত। অব্যবস্থাপনা ও বহিরাগতদের অব্যাহত অপকর্ম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এ মার্কেটের সুনাম ও ব্যবসা কার্যক্রম দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে। ব্যবসায়ী বক্তারা মার্কেটের বিভিন্ন সমস্যা যেমন- মার্কেটের সিটি কর্পোরেশনের উদ্যোগে শৌচালয় নির্মাণ, মার্কেটের ভিতরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ মার্কেটের ড্রেনেজ ও নিরাপত্তা ব্যবস্থা সমাধানের জোরালো আহবান জানান।
তাঁরা আরোও বলেন, অবিলম্বে প্রশাসনকে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা তাদের ন্যায্য দাবি আদায়ে কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হবে।