Sylhet Today 24 PRINT

বড়লেখায় ট্রাক্টর চাপায় ৭ বছরের শিশু নিহত

বড়লেখা প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টরের চাপায় জুয়েল আহমদ নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত জুয়েল আদিত্যের মহাল এলাকার বাসিন্দা নুনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পৌরশহরের আদিত্যের মহাল এলাকায় বন্ধ থাকা রেললাইনের আউট সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দরগাবাজার এলাকার ফারুক আহমদের মালিকানাধীন ট্রাক্টরটি চালক তার সহকারির কাছে রেখে বাড়ি চলে যায়। সহকারি ট্রাক্টর ধুয়ে (পানি দিয়ে পরিষ্কার করতে) আদিত্যের মহাল এলাকায় নিয়ে যায়। ট্রাক্টর ধুয়ে ফেরার পথে বেপরোয়া গতিতে সহকারি ট্রাক্টরটি চালিয়ে আসছিল। বন্ধ থাকা রেললাইনের আউট সিগন্যালের এলাকায় আসার পর শিশু জুয়েল আহমদকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ট্রাক্টর চালক (সহকারি) পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি আটক করেছে।

বড়লেখা থানার এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পালিয়েছে। তবে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.