Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিএনপি নেতা নাছিরের বাসায় ডাকাতি, কেয়ারটেকার খুন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের দিরাইয়ে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় কেয়ারটেকারকে খুন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নাছির উদ্দিন চৌধুরীর লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ সবর্ণ লুট করে নিয়ে যায়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার ( ৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নাছির উদ্দিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুনামগঞ্জ ও সিলেটে অবস্থান করছিলেন। এই সুযোগে একদল ডাকাত বাসাটিতে ডাকাতি সংঘটিত করে। ডাকাতির পর থেকে ওই বাসার কেয়ারটেকার লিলু মিয়া (১৫) নিখোঁজ হন। পরে রবিবার ( ১ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কাঠইর এলাকা থেকে লিলু মিয়ার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।

নাছির উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, প্রতিবেশীদের কাছ থেকে সকালে ডাকাতির বিষয়টি জানতে পারি। ডাকাতির পর থেকে বাসার কেয়ারটেকার নিখোঁজ হয়। পরে রবিবার ( ১ জানুয়ারি) দুপুরে লিলু মিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জানান, ডাকাতরা বাসায় ডাকাতির সময় তার লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ সবর্ণ লুট করে নিয়ে গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেয়ারটেকারকে খুন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.