Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ‘পাঠ্যপুস্তক দিবস ও বই উৎসব’ পালিত

বানিয়াচং প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি ছাত্রছাত্রীদের শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। আর তাদের জন্য বিনামূল্যে সাড়ে ৩৬ কোটি পাঠ্যবই ছাত্রছাত্রীদের কাছে বিতরণ করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সারাদেশ জুড়ে ছিল 'পাঠ্যপুস্তক উৎসব ও বই উৎসব'। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়েছে ‘পাঠ্যপুস্তক দিবস ও বই উৎসব ২০১৭’। স্থানীয় মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১১টায় এই পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বিপুল বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের যিনি কাণ্ডারি থাকেন তিনি যদি তড়িৎ ভূমিকা রেখে দায়িত্ব পালন করেন তাহলে এই প্রতিষ্ঠানের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মানুষ তার কর্মের মধ্যেই আজীবন বেঁচে থাকে। একটি এলাকার সফলতার চাবিকাঠির পিছনে রয়েছে ওই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, স্কুলে যারা লেখাপড়া করে তারা আমাদের তথা দেশের সম্পদ। শিক্ষাক্ষেত্রে এই সরকার যে চমকপ্রদ ভূমিকা রেখেছে তা সবাই মিলে ধরে রাখতে হবে। আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের পাশে থাকতে হবে।

পাঠ্যপুস্তক উৎসবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রব্বানি, জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল, এসএমসির সদস্য মনিরুজ্জামান লেচু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা ও মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব।

পাঠ্যপুস্তক উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম, হাসিবুল ইসলাম প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, শ্রমিক লীগের আহবায়ক মুর্শেদুজ্জামান লুকু, যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম শোয়েব, রিপন চৌধুরীসহ বানিয়াচং উপজেলা সদরের সকল প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ।

পাঠ্যপুস্তক উৎসবের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র অন্তুর মিয়া ও গীতা পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী চৈতী ভট্টাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.