Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি  |  ০২ জানুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে সাবেক সাংবাদিক আব্দুস সালাম জিবু’র (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জিবুর বসত ঘরের ড্রইং রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত জিবু উপজেলার তাজপুর ইউপির খাশিকাপন গ্রামের মৃত ক্বারী মাহমুদ আলীর ছেলে।

পুলিশ ও জিবুর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ জানুয়ারি) রাতে জিবু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ড্রইং রুমের ফ্যানের সাথে জিবুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জিবুর বড় ভাই তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিনের ন্যায় রোববার রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসেছিল জিবু। আর আমরাও ঘুমিয়ে পড়ি। সকালে ড্রইং রুমের ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। কিন্তু কি কারণে সে এমন কাজ করল আমার জানি না।

ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) রতন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.