সুনামগঞ্জ প্রতিনিধি | ০২ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের দিরাইয়ে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় কেয়ারটেকারকে খুন করে দুর্ধর্ষ ডাকাতি ও আগ্নেয়াস্ত্রসহ মালামাল লুটের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুতই এদের গ্রেপ্তার ও লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শনিবার ( ৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নাছির উদ্দিন চৌধুরীর লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ সবর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় নাছির উদ্দিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুনামগঞ্জ ও সিলেটে অবস্থান করছিলেন। এই সুযোগে একদল ডাকাত বাসাটিতে ডাকাতি সংঘটিত করে। ডাকাতির পর থেকে ওই বাসার কেয়ারটেকার লিলু মিয়া (১৫) নিখোঁজ হন। পরে রবিবার ( ১ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কাঠইর এলাকা থেকে লিলু মিয়ার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
কেয়ারটেকারকে খুন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন।