নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারী, ২০১৭
নাগরিক ও পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের নাগরিকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশ নেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে ষড়যন্ত্রের ঘটনায় কিম মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপরদিকে, ফেসবুকে আব্দুল করিম কিমকে অব্যাহতভাবে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে।
অতীতেও বিভিন্ন জনকে ফেসবুকে হুমকি দিয়ে হত্যার কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রশাসন দ্রুত এইসব হুমকীদাতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কিমের জীবন আরো বিপন্ন হয়ে পড়বে।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে ফেসবুকে সরকার ও মৌলবাদীদের বিরুদ্ধে লেখার কারণে আইসিটি আইনের ৫৭ ধারায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা নিরাপরাধ মানুষদের নিয়ে ফেসবুকে ষড়যন্ত্র করে-প্রকাশ্যে হত্যার হুমকি দেয় তাদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই।
এমনটি চলতে থাকলে কেবল কিম নয়, যে কেউ এমন সাইবার ক্রাইমের শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। বিভিন্ন ইস্যুতে স্বোচ্চার ব্যক্তিরা এমন ষড়যন্ত্রের প্রধান টার্গেট হতে পারেন এই শঙ্কা প্রকাশ করে বক্তারা কিমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
সামাজিক সংগঠন নিনাই’র আহ্বায়ক ডা. তায়েফ আহমদ চৌধুরী সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতি সিলেটের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সভাপতি মিশফাক আহমেদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিকর্মী আমিরুল ইসলাম বাবু, সামসুল বাসিত শেরো, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় শী শেখর, সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, হযরত শাহজালাল (র.) দরগাহ শরীফের খাদেম মুজাহিদ হোসেন মুনিম, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, নারী মুক্তি সংসদ সিলেটের ইন্দ্রানী সেন সম্পা, সারি নদী বাঁচা আন্দোলন’র সমন্বয়ক আব্দুল হাই আল হাদী, ক্ষ্যাপা তারুণ্য’র আহ্বায়ক মহসিন হোসেন মুহিন, প্রাধিকার’র সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ শিপন প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।