Sylhet Today 24 PRINT

ছাতকের পালপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

ছাতক প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৭

ছাতকের পালপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ছাতক থানার অফিসার ইন-চার্জ আশেক সুজা মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফখর (৩৩), কামাল (৩২), আমিনুর(২৯), কালাম(৩০), কাজল (৩০), জুনাব আলী (৪২), জসিম উদ্দিন(৩৫) ও সেলিম আহমদ(৩০) কে গ্রেপ্তার করেন।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গ্রামের কিছু পতিত ভূমিতে বড় হওয়া কয়েকটি বনজগাছ কাটা ও গাছের মালিকানা নিয়ে ১৯ নভেম্বর ও ২৬ ডিসেম্বর পালপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হন। দেশীয় অস্ত্রের পাশাপাশি সংঘর্ষে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র। আহতদের মধ্যে অনেকেই গুলি বিদ্ধ হয়েছেন। আবার অনেকেরই শরীরে রয়েছে ককটেলের স্প্রিন্টার। সংঘর্ষের ঘটনায় পক্ষে-বিপক্ষে থানায় দায়ের করা হয়েছে একাধিক মামলা ও জিডি।

২৬ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা স্বজনদের মধ্যেও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজের ২নং গেটে দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস (সিলেট-ছ- ১১-০৬৮৪) ও ধারালো অস্ত্রসহ মজলু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালী থানায় পুলিশ।

অপর দিকে রোগীদের জন্য ওষুধ ক্রয় কয় করতে এসে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হাসান আহমদ নামের এক এসএসসি পরীক্ষার্থী। হাসান আহমদের উপর হামলার প্রতিবাদে তার নিজ পালপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩১ ডিসেম্বর বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.