নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী, ২০১৭
বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়া প্রাইভেট কার চালকের লাশ ৬ দিন পর উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
সোমবার বিকেলে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম ভাগ পঞ্চায়েতি টিলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত প্রাইভেট কার চালক নজরুল ইসলাম (২৪) বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার আব্দুল মন্নানের ছেলে।
জানা যায়, এ ঘটনায় শ্রমিক নেতাদের সহযোগীতায় পুলিশ পৃথক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নজরুলের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে, প্রাইভেট কার চালক নজরুল নিখোঁজের ঘটনায় গাড়ির মালিক ও একই গ্রামের ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি (নং-১৩১৪) করেন।
পুলিশ ও গাড়ির মালিক ছালেহ আহমদ জানান- গত ২৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে কারচালক নজরুল ইসলাম বিয়ানীবাজার থেকে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ০৩-৮৭১৭) নিয়ে সিলেট শহরের দিকে আসে। এরপর চালক নজরুলের সাথে মোবাইল ফোনে একবার যোগাযোগ হলেও সে আর ফিরে আসেনি। এ ব্যাপারে ছালেক আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রি করেন।
নিখোঁজের পর নজরুলের পরিবার ও গাড়ির মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তার সন্ধানে নামেন। তারা প্রথমে ৩১ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে রাত ১০টার দিকে গাড়িসহ মাহবুব ও রাসেল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে গাড়িসহ নগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দের সহযোগিতায় তিনি নগরীর শিবগঞ্জ থেকে রোববার (০১ জানুয়ারি) রাতে রাহুল ও ঝুমুকে আটক করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর বলেন- অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে জানতে পারি- সেই লাশটি হলো বিয়ানীবাজারের প্রাইভেটকারচালক নজরুল ইসলামের লাশ। বর্তমানে লাশটি হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।