Sylhet Today 24 PRINT

রাগীব আলীর বিরুদ্ধে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০১৭

ফাইল ছবি

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান দখলের মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ যুক্তিতর্ক সম্পন্ন হবে।

আদালতের এপিপি মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত ৪ ডিসেম্বর আসামিদের আবেদনের প্রেক্ষিতে জালিয়াতি মামলায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ঐদিন প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে স্মারক জালিয়াতি মামলায় ১৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের তারিখ ধার্য্য করা হয়।

৪২২ দশমিক ৯৬ একর জায়গার উপর তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। নব্বইয়ের দশকে জালিয়াতির মাধ্যমে এটি দখলে নেন রাগীব আলী। এ নিয়ে চলা মামলার প্রেক্ষিতে আদালতে একটি রিট পিটিশনের ভিত্তিতে চলতি বছরের ১৯ জানুয়ারি তারাপুরে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একইসাথে রাগীব আলী গংদের বিরুদ্ধে মামলা দুটিকে সক্রিয় করার নির্দেশনাও দেন। ১০ জুলাই পিবিআই মামলার চার্জশিট দাখিল করে।

গত ১০ আগস্ট দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ওই দিনই রাগীব আলী ও আবদুল হাই পালিয়ে ভারতে চলে যান। প্রায় তিন মাস পর গত ১৩ নভেম্বর আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে সিলেটের জকিগঞ্জ হয়ে ফিরলে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। এরপর গত ২৪ নভেম্বর ভারতের করিমগঞ্জে সে দেশের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন রাগীব আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.