জগন্নাথপুর প্রতিনিধি | ০৩ জানুয়ারী, ২০১৭
সিলেটসহ সারাদেশে অনুভূত ভূকম্পনের ভয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ২জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত হিরণ মিয়া (৬০) উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা মৃত সুনু মিয়ার ছেলে। আহতরা হলেন পাটলি দারুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র নাজিউর রহমান (১৩)। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। এছাড়াও উপজেলার জগন্নাথপুর গ্রামের রুবা আক্তার (১৬) নামে এক কিশোরী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের ভূ-কম্পনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন হিরণ মিয়া। আহত নাজিউর রহমান মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে আহত হয়, পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
হিরণ মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মির্জা মো. আলী খান।