বানিয়াচং প্রতিনিধি | ০৩ জানুয়ারী, ২০১৭
সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় সহনশীলতা এবং তথ্য-প্রযুক্তি (ফেসবুক) বিষয় নিয়ে বানিয়াচংয়ের সকল ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান এমপি।
বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, ছালামত আলী খান, স্বপন কুমার দাশ, আব্দাল হোসেন খান, মোবাশ্বির আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, তথ্য-প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে। কেউ যাতে এ পদ্ধতি ব্যবহার করে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে না পারে সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে বানিয়াচং এর আলেম সমাজ এ বিষয়ে অতীতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা পালন করে যাবেন তাঁরা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা মখলিছুর রহমান, ইফার ফিল্ড সুপারভাইজার তৌহিদ মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া, হাবিবুর রহমান, আহাদ মিয়া,মধু মিয়া,আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটার্জিসহ এলাকার বিশিষ্ট আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দ।
পরে ফেসবুকের অপব্যবহার তথা ফেইক আইডি দিয়ে অন্যের নামে আইডি খুলে কিভাবে তা ছড়িয়ে দেয় সে সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা টেকনিশিয়ান কাওছার আহমেদ।