সিলেটটুডে ডেস্ক | ০৩ জানুয়ারী, ২০১৭
নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আবারো অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে ২১টি ছোট-বড় বিলবোর্ড অপসারণ করা হয়।
এছাড়াও একটি ৮শ স্কয়ার ফুটের বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বেলা সাড়ে ১১টায় অভিযানের শুরুতে মহানগরীর দর্শণদেউড়ী সংলগ্ন মার্কেটের পাশ ঘেষে স্থাপিত ৮শ স্কয়ার ফুটের বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। বিলবোর্ডে ভ্যাসলিন কোম্পানির বিজ্ঞাপন লাগানো ছিল। এই বিলবোর্ডটি সংকেত আর্ট নামের একটি প্রতিষ্ঠান স্থাপন করে এবং বিগত দুই বছর থেকে কর বকেয়া ছিল।
অভিযান চলাকালে পরবর্তীতে মহানগরীর জালালাবাদ-পশ্চিম সুবিদবাজারমুখী সড়কের মিড আইল্যান্ডে স্থাপিত অবৈধ বিলবোর্ড অপসারণ করে সিলেট সিটি কর্পোরেশন। এই আইল্যান্ডে স্থাপিত সকল অবৈধ বিলবোর্ডের অবকাঠামো অপসারণ করে সিটি কর্পোরেশনের কর্মীরা।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ, লাইসেন্স অফিসার হেলাল উদ্দিন, এ্যাসেসর চন্দন দাশসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান জানান, যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।