নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী, ২০১৭
রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫, তবু মঙ্গলবার বিকেলে সিলেটে প্রবলভাবেই অনুভূত হলো ভূকম্পন। সিলেটের সীমান্তের একেবারে ভারতের ত্রিপুরায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় সিলেটে তা তীব্রভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েয়েন বিশেষজ্ঞরা।
আর সাধারণ মানুষের মতে, ভূমিকম্পে সাম্প্রতিককালে সিলেটে এতো বড় কম্পন আগে অনুভূত হয়নি।
ভূমিকম্পের সময় সিলেটজুড়েই আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে জগন্নাথপুরে এক বৃদ্ধ ও ছাতকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক স্কুল ছাত্রী মারা গেছেন। ভূমিকম্পে মৌললভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফাটল ধরেছে ও হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। মাটি ফেটে তলদেশ থেকে পানি ও বালি ওঠে পড়েছে।
এই কমলগঞ্জ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ভারতের আগরতলার আম্বালায় ভূমিকম্পের উৎপত্তি হয়।
মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারের কাজী ম্যানশনের ৩য় তলায় নিজের দোকানে ছিলেন তাইফুর হাসান। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে মার্কেট থেকে নিচে নেমে আসেন তিনি।
তিনি বলেন, 'এতো বড় ভূমিকম্প আগে কখনো দেখিনি। এতো জোরে কম্পনও আগে কখনো অনুভূত হয়নি।'
এসময় চৌহাট্টার দিকে রিকশা করে যাচ্ছিলেন আব্দুল কাইয়ুম। তিনি বলেন, 'প্রথমে মনে করছিলাম পাশের ফিল্ডিং ফেটে মাথার উপর পরে যাচ্ছে। এভাবে জোরে শব্দ করে ভূমিকম্প হতে কখনো দেখিনি।'
কেবল এই দুজনই নয়, ভূমিকম্পের সময় এমন আতঙ্ক, দ্বিগদ্বিগ ছুটাছুটি দেখা যায় জিন্দাবাজারজুড়েই। অনেকে আতঙ্কে চিৎকার করে কান্নাজুড়ে দিতেও দেখা যায়। কিছু সময়ের জন্য থেমে যায় নগরীর যান চলাচল।
সিলেট আবহাওয়া অফিসের আবাহওয়াবিদ আবু সাঈদ বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
তিনি বলেন, সিলেটের কাছাকাছি উৎপত্তিস্থল হওয়ায় সিলেটে ভূমিকম্প প্রবলভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পে আতঙ্কে হার্ট এ্যাটাক করে জগন্নাথপুরে হিরণ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ মারা যান। তিনি উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা মৃত সুনু মিয়ার ছেলে। এছাড়া ছাতদকে শামীমা আক্তার টুনি(১৪) নামের ছাতকের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় বাসার ৩য় তলা থেকে নীচে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে মারা যায়।