Sylhet Today 24 PRINT

মাধবপুরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

মাধবপুুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে মন্দির ও হিন্দু বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন নজরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুস সামাদ (২৫), একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ফকরুল ইসলাম (৩০), সোনাব আলীর ছেলে আব্দুর রহিম (২৯) এবং খিলগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে জুলমত খা (২৫)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের সংখ্যালঘুদের মন্দির ও বাড়িতে হামলা করে একদল লোক। এ ঘটনায় খিলগাঁও গ্রামের হরিধন সরকার বাদি হয়ে অজ্ঞাতনামা ২০০/২৫০ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় এর আগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার ৪ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.