নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারী, ২০১৭
সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পাওয়া সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর মুক্তিতে আর বাধা নেই।
বুধবার সিলেট দায়রা জজ মনির আহমদ পাটেয়ারীর আদালতে আরিফুল হক চৌধুরীকে হাজির করা হয়। আসামীপক্ষের প্রডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আবেদনের প্রেক্ষিতে বুধবার আরিফকে আদালতে হাজির করা হয়। এসময় আসামীপক্ষ আদালতে আরিফের জামিনের কাগজপত্র প্রদর্শন করেন।
এরফলে জেল থেকে মুক্ত হতে আরিফের আর বাধা থাকল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ লালা। একই কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমারও।
বুধবার সকালে সিলেট দায়রা জজ আদালতে হাজির করা হয় সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জিকে গৌছকে। তারা দুজনই সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণ ও হত্যা মামলার আসামী হয়ে কারান্তরীণ আছেন। দুটি ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট চারটি মামলাতেই জামিন পেয়েছেন আরিফুলক হক চৌধুরী।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করা হয়।
এদিকে ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হলে এক যুবলীগকর্মী নিহত হন।
দুটি মামলাতে আসামী করা হয়েছে আরিফ ও গৌছকে। নির্বাচিত মেয়র হলেও এ মামলার কারণে তাদের বরখাস্ত করা হয়।