নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারী, ২০১৭
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি এডভোকেট লুৎফুর রহমান বলেন, দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই তিনি দল ও মতের উর্ধ্বে থেকে সিলেটের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করে যেতে চান।
তিনি বলেন, জেলা পরিষদের অধীনে যতগুলো উন্নয়নমূলক কাজ করা সম্ভব সেগুলো করার ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে পর্যটন শিল্পের উন্নয়নে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
তিনি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও জেলা পরিষদের সাবেক প্রশাসক হিসেবে এডভোকেট মোঃ লুৎফুর রহমানের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, পর্যটন শিল্পে সিলেটকে এগিয়ে নিতে হলে সিলেটের দর্শনীয় স্থান সমূহকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। এ ব্যাপারে তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বানকান শিপিং লিমিটেডের চেয়ারম্যান সরওয়ার হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অত্যন্ত ব্যবসা বান্ধব। প্রধানমন্ত্রী পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্কের উন্নতি সাধনে সক্ষম হয়েছেন। এছাড়াও বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় শিল্পখাতে দেশ অনেকদূর এগিয়ে গেছে, যা বর্তমানে অনেক দেশের কাছে অনুকরণীয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার সিপার আহমদ, পরিচালক ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, পরিচালক ও সিলেট মটর পার্টস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, প্রাক্তন সহ সভাপতি ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক মুশফিক জায়গীরদার। অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক পিন্টু চক্রবর্তী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মোঃ বশিরুল হক, ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য মবশ্বির আলী, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ প্রমুখ।