বিশ্বনাথ প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৫
সিলেটের বিশ্বনাথে ফের এক সৌদী আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা, পৌনে ৩ ভরি স্বর্ণালংকার, ২ভরি রোপা, ২টি মোবাইলসেট ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ৪লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতদল।
বুধবার গভীর রাতে ডাকাতির এ ঘটনাটি ঘটেছে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাউতেরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মনসুর আহমদর বাড়িতে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবাসীর স্ত্রী মমতা বেগম জানান, ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল ঘরের সামনের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা বেধে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল।
ওসি রফিকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই বাড়ি থেকে ৭ হাজার টাকা নিয়েছে ডাকাতরা। মামলা দেওয়া হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাওনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই বাবুলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা, ৪০ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল সেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এঘটনার পূর্বে ১২ এপ্রিল রাতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকসে ব্যবসায়ী জয়নাল আবেদিনকে কুপিয়ে ৩লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।