Sylhet Today 24 PRINT

শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে ‘শিকড়’ ও ‘ডিবেটিং সোসাইটি’কে বহিষ্কার

শাবি প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে দুটি সংগঠনকে বহিষ্কার করা হয়েছে।

জোটের সিদ্ধান্ত অমান্য ও বিরোধিতা করার অভিযোগ তুলে জোটের অন্তর্ভুক্ত সকল সদস্য সংগঠনের প্রতিনিধিদের মতামতরে ভিত্তিতে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

বহিস্কৃতরা হলো- নাট্য সংগঠন ‘শিকড়’ ও বির্তক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইট (এসইউডিএস)’।

জানা যায়, গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষায় আটক কয়েকজন জালিয়াতের বিষয়ে প্রশাসনের অস্বচ্ছতার অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীরা। এর ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আন্দোলন করে আসছেন সাংস্কৃতিক সংগঠনের সকল কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে গত ১৬ ডিসেম্বর প্রশাসনের কর্তৃক আয়োজিত বিজয় দিবসের সকল কর্মসূচি বর্জন করে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’।

জোটের আহ্বায়ক তৌহিদ জামান ওমি বলেন, ওই সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিদ্ধান্ত অমান্য ও বিরোধিতা করে প্রশাসনের প্রণোদনায় বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে শিকড় ও এসইউডিএস।

“আমরা ওই দুটি সংগঠনকে সিদ্ধান্ত অমান্য ও তার বিরোধিতা করার ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। তারা সন্তোষজনক জবাব না দিয়ে উল্টো জোটের কাছে প্রশ্ন রাখে।”

তিনি বলেন, জোটের সকল সদস্য সংগঠনের প্রতিনিধিদের মতামতরে ভিত্তিতে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তবে তারা দুই বছর পর আবার জোটের সদস্য হওয়ার জন্য জোট কর্তৃপক্ষ বরাবর আপিল করতে পারবেন। তখন জোট তাদের আবেদন চাইলে বিবেচনা করে দেখতে পারে।

এ ব্যাপারে শিকড়ের সভাপতি নিপুন বলেন, “জোটের প্রতিষ্ঠালগ্ন থেকে শিকড় এর সদস্য, যে কারণে আমি মনে করি জোট থেকে শিকড়কে বহিষ্কার করার বিষয়টি আরও বিবেচনার দাবি রাখে। জোটের পক্ষ থেকে শিকড়কে স্থায়ী বহিষ্কার করাটা আশানুরুপ ছিল না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.