Sylhet Today 24 PRINT

এখন মানুষ বই পড়ে না, ফেইসবুকে লাইক দেখে : ড. জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জানুয়ারী, ২০১৭

এখন মানুষ বই পড়ে না, ফেইসবুকে লাইক দেখে বলে মন্তব্য করেছেন লেখক শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে সিলেটের পুলিশ লাইনস হাইস্কুল অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া ও গণ সাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে এবং সিএসইএফ এর সহায়তায় শিক্ষাঙ্গনে শান্তি ও মূল্যবোধ চর্চা : আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবারের পর মূল্যবোধ সৃষ্টির সবচেয়ে বড় মাধ্যম বই। নিয়মিত বই পড়লে মূল্যবোধ জাগ্রত হবে। বই কখনো প্রতারণা করে না। বই পড়ে কেউ কখনো নষ্ট হয়নি। তাই তোমাদের বই পড়তেই হবে।

তিনি বলেন, বাসায় যদি বই পড়ার সুযোগ না থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে বই পড়বে। বাথরুমে গিয়ে বই পড়বে। তবু পড়তে হবে।

গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীজুড়ে এখন চিন্তাধারায় পরিবর্তন হচ্ছে। এখন সবাই সার্টিফিকেটের শিক্ষার চেয়ে মানুষের জ্ঞানের পরিধি কতটুকু তা দেখে। দেখা হয় কে কতটুকু জানে। তারমানে এই নয় সার্টিফিকেট মূল্যহীন। সার্টিফিকেটের দরকার আছে। তবে তার সাথে সাথে জানতেও হবে।

মতবিনিময় সভায় গণ সাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি তাগিদ দিয়ে বলেন, আমাদের দেশে অনেক দিবস রয়েছে কিন্তু বই পড়ার জন্য কোন দিবস নেই। বই পড়া দিবস নামে একটি দিবস করার জন্য সরকারকে আমরা তাগিদ দিয়েছি যাতে করে দিবসটি পালনের মাধ্যমে বই পড়ায় মানুষ উদ্বুদ্ধ হয়। আর এতে করে সমাজে মূল্যবোধের চর্চা বিকশিত হবে।

রাশেদা কে চৌধুরী আরো বলেন, তথ্য প্রযুক্তির যুগে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেখান থেকে ভালো বিষয়গুলো শিখব এবং মন্দগুলো বর্জন করব। শিক্ষাঙ্গনে শান্তি ও মূল্যবোধচর্চায় আমাদের আরো দায়িত্বশীল হতে হবে যেখানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হতে হবে। ধর্ম, জাতি, বর্ণ, নির্বিশেষে সকল শিক্ষাথীদের মধ্যে শান্তিপূর্ণ সহঅবস্থান, সুনাগরিক হিসেবে গড়ে ওঠাসহ সামগ্রিকভাবে শান্তি ও মূল্যবোধ সমুন্নত রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আজম খান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির আহম্মদ, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল কিম।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মতবিনিময় সভায় আমন্ত্রিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.