Sylhet Today 24 PRINT

কানাইঘাটের লোভাছড়া থেকে পাথর ও বালু উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমা মেশিনসহ অন্যান্য যন্ত্র দিয়ে পাথর ও বালু উত্তোলনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি জারি করা রুলে বোমা মেশিনসহ অন্যান্য যন্ত্র ব্যবহার করে পাথর ও বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে জ্বালনি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মী নজরুল ইসলাম একটি রিট করেন। আজ বৃহস্পতিবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুজ্জামান সেলিম।

পরে কামরুজ্জামান সেলিম জানান, বালু ও পাথর উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা পরিবেশের কোনো তোয়াক্কা না করে বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করেন। তাই এসব বন্ধে উচ্চ আদালতে রিট করা হয়। এরপর আদালত অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.