Sylhet Today 24 PRINT

ছাতকে প্রতারণা করে তরুণীর নগ্ন ছবি ফেসবুকে প্রকাশ, প্রতারক গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৭

ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষন ও ধর্ষিতার নগ্ন ছবি নিজের ফেইসবুক একাউন্টে ছেড়ে দেয়ার অভিযোগে নাঈম হাসান (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ছাতক শহরের পশ্চিমবাজারস্থ একটি হোটেল থেকে নাঈমকে আটক করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের আমিন মিয়ার পুত্র।

গত মঙ্গলবার ছাতক থানায় ধর্ষিতার করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এসআই সোহেল রানা তাকে আটক করেন।

অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের জনৈক তরুণীর সাথে প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন নাঈম। প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে নাঈম বিভিন্ন ছল-চাতুরীর আশ্রয় নেন। শীঘ্রই তাকে বিয়ে করে ঘরে তোলার কথা বলে গত বছরের ১০ জানুয়ারী রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে তরুণীর বসত ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষন করে নাঈম। এরপর থেকে একই প্রলোভন দেখিয়ে তরুণীর নিজ বসতঘরসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ঘরে স্বামী-স্ত্রীর মতো তার সাথে নিয়মিত মেলামেশা করে আসছিল। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নাঈম তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব শীঘ্রই পাঠাবে বলে চাতুরীর আশ্রয় নেয়।

এভাবেই প্রায় এক বছর ধরে তরুণীকে বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষন করেছে সে। গত বছরের ১২ ডিসেম্বর যুবতীর মা-বাবা ঘরে না থাকার সুবাদে লম্পট নাঈম হাসান তরুণীকে ধর্ষন করে তার কয়েকটি নগ্ন ছবি মোবাইল দিয়ে তুলে রাখে। ধর্ষিতার এসব নগ্ন ছবি পরদিন নাঈন তার ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়। ধর্ষিতার মা-বাবা এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করলে স্থানীয় গন্যমান্যদের ডাকে সালিশ-বৈঠকে এসে লম্পট নাঈম তার কুকর্মের কথা স্বীকার করে ওই তরুনীকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আত্মগোপনে চলে যায়। নিরুপায় হয়ে ধর্ষিতা অবশেষে নিজে বাদী হয়ে লম্পট নাঈম হাসানের বিরুদ্ধে মঙ্গলবার ছাতক থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন নাঈমকে আটকের কথা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.