Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিজিবির ‘হামলায়’ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধর্মঘটে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৭

পরিবহন শ্রমিকদের সাথে এক বিজিবি সদস্যের কথাকাটাকাটির জের ধরে সৃষ্ট সংঘর্ষে দোকানপাট ভাংচুরের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ধর্ম্যঘটের ঘোষণা দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সদস্যের সাথে কথাকাটাকাটির জের পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে।

ব্যবসায়ীদের অভিযোগ সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল ৯ নং সেক্টর সদর দপ্তর থেকে বিজিবি সদস্যরা এসে নির্বিচারে দোকানপাট ভাংচুর শুরু করে। এসময় ব্যবসায়ীদের উপরও হামলা করে তারা।

ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান বলেন, হামলার সাথে জড়িতদের বিচার, হামলাকারী বিজিবি সদস্যদের শ্রীমঙ্গল থেকে প্রত্যাহার, ক্ষতিপুরণের দাবিতে অনিদিষ্ঠকালের ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। ধর্মঘটে পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংঘর্ষের পর মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন।

রাত ৯ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনীতে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সাথে সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদও। তিনিও এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

এদিকে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাড়ে ৫ টার দিকে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন কর্মকর্তা। এসময় কথাকাটাকাটির জের ধরে স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই কর্মকর্তাকে মারধর করেন। এতে ওই কর্মকর্তা আহত হন। এ খবর বিজিবি ৯ সেক্টরের সদরদপ্তরে পৌছালে বর্ডার গার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করেন। বিজিবি সদস্যরা নির্বিচারে দোকানপাট ও গাড়ি ভাংচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়।


সংঘর্ষের সময় বিজিবি গুলি ছুঁড়ে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান তারা। সংঘর্ষের সময় শতাধিক দোকানপাট ও শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজিবি এই ভাংচুর চালিয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে সুকুমার দাস, শাহ আলম ও পবিত্র পাল নামে তিনজনের নাম জানা গেছে। তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

 

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এক পরিবহন শ্রমিকের সাথে বিজিবি কর্মকর্তার বাকবিতণ্ডার জের ধরে ঘটনার সূত্রপাত হয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত ৬জনকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.