Sylhet Today 24 PRINT

বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষা বিপ্লব ঘটেছে : মাহমুদ-উস-সামাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৭

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ সুরমা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে শিক্ষা বিপ্লব ঘটেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর।

শনিবার (৭ জানুয়ারি) দক্ষিণ সুরমা কলেজের অনার্স ১ম বর্ষ ও মাস্টার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের শিক্ষা বিপ্লব আলোচিত হচ্ছে।

কলেজের অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহমুদ-উস-সামাদ চৌধুরী আরো বলেন, বর্তমানে সিলেটের এমসি কলেজের পরেই দক্ষিণ সুরমা কলেজের নাম উচ্চারিত হচ্ছে। এটা সম্ভব হয়েছে সকলের আন্তরিকতার জন্য। কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ সবাই এই কৃতিত্বের দাবিদার।

তিনি বলেন, ৩৭০ জন শিক্ষার্থী নিয়ে যে দক্ষিণ সুরমা কলেজ যাত্রা শুরু করেছিল, সেই কলেজে আজ প্রায় ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এই কলেজের উন্নতির জন্য বর্তমান সরকারের আমলে অনেক কিছুই করা হয়েছে। নতুন ভবন হয়েছে, কলেজে মাস্টার্স প্রোগ্রাম শুরু হয়েছে। ভবিষ্যতে কলেজের আরো উন্নয়ন হবে। এক্ষেত্রে স্থানীয় সাংসদ হিসেবে আমি সবসময়ই পাশে থাকবো।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের রোড ধরে এগিয়ে চলেছে। দেশের মানুষের গড় আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, শিশুমৃত্যুর হার কমেছে, দারিদ্রতার হার কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের রোলমডেল।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। বর্তমান প্রেক্ষিতে মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরী।

দক্ষিণ সুরমা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশীদের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, লতিফা-শফি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খাঁন, দক্ষিণ সুরমা কলেজের গভর্নিং বডির সদস্য ডা. আবদুল হাই, আবদুল জব্বার জলিল, শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম প্রমুখ।

কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে নবাগত অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিক হোসেন, মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিজানুর রহমান ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাহীন আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক মতিউর রহমান, আশরাফুল হক, শাহানা বেগম, সাব্বির আহমদ, রওনক জাহান বেগম, ছালমা ইয়াছমিন, মুহিবুর রহমান, আতাউর রহমান, মতিলাল দাশ, শফিকুল ইসলাম, ময়নুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.